-->

'বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য' - ড. শান্তনু দলাই

 
'বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য'  - ড. শান্তনু দলাই

'বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য' - গ্রন্থটির বিশেষত্ব:

‘বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য’  গ্রন্থটি অধ্যাপক ড. শান্তনু দলাই-এর গবেষণালব্ধ ফসল। বাংলা-ওড়িশা সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মৌখিক ভাষায় লক্ষ্য করা যায় উভয় ভাষার বিমিশ্রণ।

ওড়িশা সীমান্তবর্তী মেদিনীপুরে বাংলা হরফে ওড়িয়া ভাষায় লেখা কয়েকটি প্রচলিত সাহিত্যের  নিদর্শন এই গ্রন্থে বিশ্লেষণ করেছেন অধ্যাপক শান্তনু বাবু। পাশাপাশি এই গ্রন্থে স্থান পেয়েছে, ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত ওড়িয়া হরফে লেখা বাংলা সাহিত্যের বেশ কয়েকটি নিদর্শন যা ওড়িশা রাজ্য প্রদর্শনশালায় সংরক্ষিত পুথিগুলির মধ্যে কয়েকটি নির্বাচিত রচনার গবেষণালব্ধ বিশ্লেষণ। এই ধারার সাহিত্য সৃষ্টির তাগিদ রূপে দেখানো হয়েছে বিশেষ ধর্মীয় কারণকে। শ্রীচৈতন্যদেবের দিব্যজীবনের প্রতি ওড়িশাবাসীর যে অনুরাগ জন্মেছিল তার অভিব্যক্তি আসলে এইরূপ সাহিত্য- গ্রন্থটিতে তা তথ্যসহ বোঝানোর চেষ্টা করেছেন শান্তনু বাবু। 


প্রেমময় শ্রীচৈতন্যকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাঁর ভাষাকেও যে ভালোবেসে ফেলা যায় ষোড়শ শতকের ওড়িয়া কবিকুল সাহিত্যের মাধ্যমে সেই প্রমাণ রেখে গেছেন এবং সেই সাহিত্যের নিদর্শন এবং গবেষণালব্ধ পর্যালোচনা দিয়ে এই গ্রন্থটির রূপায়ণ। বাদ যায়নি ওড়িয়া ভাষায় রবীন্দ্রচর্চার দিকটিও। ওড়িয়া সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাবের দিকটি যেমন দেখিয়েছেন, ঠিক তেমনি পাশাপাশি রবীন্দ্রসাহিত্যের আত্মীকরণ ও অনুকরণ কীভাবে ওড়িয়া কবি-সাহিত্যিকগণ করেছেন সে বিষয়টিও আলোচিত হয়েছে এই গ্রন্থটিতে। পাশাপাশি লিপিবদ্ধ আছে রবীন্দ্রসাহিত্যের ওড়িয়া অনুবাদের  কালানুক্রমিক তালিকাটিও।


বাংলা ও ওড়িয়া এই দুই প্রতিবেশী ভাষার পারস্পরিক সহিষ্ণুতার আদান-প্রদানের দিকটি তুলে ধরার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের অতীত ইতিহাস, সংস্কৃতি ও ভাষা-আন্দোলনের প্রসঙ্গটিও বাদ যায়নি। বর্তমান সময়ে ভাষায় ভাষায় সংঘাত কিংবা বিভাষীর প্রতি যে বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চিতভাবে এই গ্রন্থটি একটি সদর্থক বার্তা দেবে। সর্বোপরি ৩৩৪ পৃষ্ঠার এই গ্রন্থটি বাংলা-ওড়িশার আন্তঃরাজ্য সাহিত্যচর্চার একটি ডকুমেন্টেশন রূপে ধরা যেতে পারে।

মুদ্রিত মূল্য ৫০০ টাকা। ২০% ছাড়
বিক্রয় মূল্য ৪০০ টাকা। 

 

গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন - 9932607395